নিরাপত্তা ঝুঁকিতে ৪০ শতাংশ অ্যান্ড্রয়েড ফোন, সতর্ক করলো গুগল

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে গুগল। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে প্রযুক্তি জায়ান্টটি জানিয়েছে, সারা বিশ্বের প্রায় ৪০ শতাংশ অ্যান্ড্রয়েড স্মার্টফোন বর্তমানে গুরুতর নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। এসব ডিভাইসে এমন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে, যেগুলোর জন্য আর নিয়মিত নিরাপত্তা প্যাচ বা আপডেট সরবরাহ করা হয় না।

গুগলের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ১০০ কোটি অ্যান্ড্রয়েড ডিভাইস এমন সফটওয়্যার সংস্করণে চলছে, যেগুলোর নিরাপত্তা সহায়তা ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। ফলে এসব স্মার্টফোন সহজেই ম্যালওয়্যার, স্পাইওয়্যার ও বিভিন্ন সাইবার হামলার শিকার হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, গত বছর থেকেই অ্যান্ড্রয়েড ১২ এবং তার আগের সব সংস্করণের জন্য আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা আপডেট বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বাস্তবে দেখা যাচ্ছে, এখনো সক্রিয় অ্যান্ড্রয়েড ডিভাইসের মাত্র ৫৮ শতাংশ ব্যবহারকারী অ্যান্ড্রয়েড ১৩ বা তার পরবর্তী সংস্করণে আপডেট করেছেন।

সবচেয়ে নতুন সংস্করণ অ্যান্ড্রয়েড ১৬ বর্তমানে ব্যবহার হচ্ছে মাত্র ৭ দশমিক ৫ শতাংশ ডিভাইসে। এ ছাড়া অ্যান্ড্রয়েড ১৪ ও ১৫ ব্যবহারকারীর হার যথাক্রমে ১৭ দশমিক ৯ এবং ১৯ দশমিক ৩ শতাংশ। অর্থাৎ, এখনো কোটি কোটি ব্যবহারকারী পুরোনো ও ঝুঁকিপূর্ণ অপারেটিং সিস্টেমে নির্ভর করছেন, যা ভবিষ্যতে বড় ধরনের নিরাপত্তা সংকটের আশঙ্কা বাড়াচ্ছে।

নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, আপডেটহীন অ্যান্ড্রয়েড ফোনগুলো এখন সাইবার অপরাধীদের জন্য সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অফিসিয়াল সিকিউরিটি প্যাচ না থাকায় হ্যাকাররা ব্যবহারকারীর অজান্তেই ফোনে আড়ি পাততে পারে। এতে ব্যাংকিং তথ্য, ব্যক্তিগত বার্তা, ছবি, কল লগ এবং আর্থিক লেনদেনসংক্রান্ত সংবেদনশীল তথ্য চুরি হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ‘ব্যাকগ্রাউন্ড স্পাইওয়্যার’ নিয়ে। এসব ক্ষতিকর সফটওয়্যার নীরবে ফোনে সক্রিয় থেকে ব্যবহারকারীর দৈনন্দিন কার্যক্রম ও ব্যক্তিগত তথ্য নজরদারিতে রাখে, যা দীর্ঘমেয়াদে বড় ক্ষতির কারণ হতে পারে।

এই প্রেক্ষাপটে গুগল স্পষ্টভাবে পরামর্শ দিয়েছে—যেসব ফোনে অ্যান্ড্রয়েড ১৩ বা তার পরবর্তী সংস্করণ নেই, কিংবা যেসব ডিভাইস আর নিয়মিত নিরাপত্তা আপডেট পাচ্ছে না, সেগুলো দ্রুত নতুন ডিভাইসে আপগ্রেড করা উচিত। একই সঙ্গে অটোমেটিক সফটওয়্যার আপডেট চালু রাখার ওপরও জোর দিয়েছে সংস্থাটি।

বিশ্বজুড়ে সাইবার হামলার ঘটনা বাড়তে থাকায় পুরোনো ও আপডেটহীন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গুগলের এই সতর্কবার্তা সেই বাস্তবতাকেই নতুন করে সামনে এনে দিয়েছে।

About আহাম্মেদ সফি

Check Also

ত্বকের ৫ পরিবর্তনে ধরা পড়বে ফুসফুস ক্যা’ন’সা’র, জেনে নিন

বিশ্বে সবচেয়ে বেশি প্রাণঘাতী ক্যানসারের মধ্যে অন্যতম ফুসফুস ক্যানসার। বিশেষ করে পুরুষদের মধ্যে এ রোগের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *