
নিহত শিশু আব্দুল্লাহ ।
চট্টগ্রামের মীরসরাইয়ে জমিসংক্রান্ত বিরোধের জেরে আব্দুল্লাহ নামে ৩ বছরের এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় মস্তাননগর এলাকার মোস্তফা ভুঁইয়া বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকার মোস্তফা ভূইয়া বাড়ির নুরুল আলম রাসেলের পুত্র।
শিশুটির পরিবারের সদস্যদরা অভিযোগ করেছেন, জায়গা জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আছাড় দিয়ে তাকে মেরে ফেলে।
মিতু হত্যা মামলার আসামি ‘ভোলা’ গ্রেপ্তার
অন্যদিকে স্থানীয়রা জানান, শিশুটির মানসিক ভারসাম্যহীন দাদা ঝগড়ার সময় নিজ নাতিকে না চিনে আছাড় দেয়। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, পারিবারিক কলহে এক শিশুর মৃত্যুর ঘটনায় ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সুরতহালে শিশু আবদুল্লাহর মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে৷
dailymeghna.com